শিবপুরে ছাত্রীর বিষপানে আত্মহত্যা, শিক্ষিকার গ্রেফতারের দাবি

নরসিংদী জেলা প্রতিনেধি: নরসিংদীর শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাজরি প্রভার আত্নহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা নিলফার ইয়াসমিন রোজিনা। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে একটি ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

নিহত প্রভার মা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকা বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়াতেন। তিনি প্রায় সময়ে কিছু শিক্ষার্থীদের টার্গেট করে তার কাছে প্রাইভেট পড়ার জন্য কৌশলে চাপ দিতেন। প্রভাকেও প্রায় সময় নানা অজুহাতে বিভিন্ন সময় অপমান করতেন। স্কুল থেকে বাসায় এসে সে আমার কাছে একাধিক বার অভিযোগ করেছে।

তিনি বলেন, সর্বশেষ গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার সময় প্রভা দেখতে পায় তার স্কুলের নির্ধারিত সেলোয়ার ছেঁড়া। বিদ্যালয়ের সময় হয়ে যাওয়ায় আমি তাৎক্ষণিক সেলোয়ার ঠিক করে দিতে পারিনি। তাই সে ট্রাউজার পরিধান করেই স্কুলে যেতে বাধ্য হয়েছিল। আর ওই দিনই ট্রাউজার পরিধান যাওয়াকে ইস্যু করে কণিকা ম্যাডাম প্রথমে এসেম্বলী ও পরে শ্রেণিকক্ষে তাকে অপমান ও মারধর করেন।

যেখানে সরকারি আইন অনুযায়ী শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অপমান কিংবা মারধর করার সুযোগ নেই, সেখানে তিনি একাধিকবার আমার মেয়েকে অপমান ও মারধর করেছেন। বিষয়টি সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়। মৃত্যুর আগে সে থানায় হাজির হয়ে ঘটনা জানায়। এ ঘটনায় আমি শিক্ষিকা কণিকার দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা সহ ব্যক্তিবর্গ আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করছে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য। আমি আমার মেয়েকে হারিয়েছি। যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি তার বিচার ব্যতীত অন্য কিছু চাইনা।

গত বৃহস্পতিবার শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত পোশাকের সঙ্গে ট্রাউজার পরে বিদ্যালয়ে গেলে অষ্টম শ্রেণীর ‘গ’ বিভাগের শিক্ষার্থী আইনুন তাজরি প্রভা শ্রেণীকক্ষে শিক্ষক নার্গিস সুলতানা কণিকা কর্তৃক অপমান ও মারধরের শিকার হয়। এঘটনায় বিকেলে স্কুল থেকে বের হয়ে ওই শিক্ষার্থী ইদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করে।

নিহত আইনুন তাজরি প্রভা জয়মঙ্গল এলাকার প্রবাসী ভুট্টো মিয়ার মেয়ে। আর অভিযুক্ত শিক্ষক নার্গিস সুলতানা কনিকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক। এ ঘটনায় গত শুক্রবার অভিযুক্ত শিক্ষিকা নার্গিস সুলতানা কনিকার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শিবপুর মডেল থানার উপপরিদর্শক আফজাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকা পলাতক রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক নার্গিস সুলতানা কনিকাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি মৃত্যুর ঘটনার তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেনকে তদন্ত কর্মকর্তা করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button