

নিজস্ব প্রতিবেদক: ১৫ জুলাই থেকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ানো হয়েছে৷ প্রথম ধাপের তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
বুধবার (১ জানুয়ারি) অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।
গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন কিন্তু উল্লিখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তি/ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।




