

নিজস্ব প্রতিবেদক: ১২ জানুয়ারি, ২০২৬
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা প্রদান এবং পরবর্তীতে ফেসবুক লাইভে এসে অপপ্রচার ও হুমকির অভিযোগে সাগর হালদার নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (১২ জানুয়ারি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কারকে থামার সিগন্যাল দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। চালকের আসনে থাকা গাড়ির মালিক সাগর হালদার দাবি করেন, তার গাড়ির ট্যাক্স টোকেন হালনাগাদ করার জন্য ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে।
তবে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে অনলাইনে তথ্য যাচাই করে দেখতে পান যে, সাগর হালদারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। গাড়িটির কাগজের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয়েছে এবং সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ পাওনার পরিমাণ ১ লক্ষ ২ হাজার ৫১৯ টাকা।
আইন অনুযায়ী সার্জেন্ট মামলা প্রদান করলে সাগর হালদার উগ্র আচরণ শুরু করেন। নিজেকে ‘হালদার গ্রুপ’-এর চেয়ারম্যান দাবি করে তিনি আক্রোশ প্রকাশ করেন এবং সাধারণ মানুষ জড়ো করে একটি অপ্রীতিকর পরিস্থিতি (মব) সৃষ্টির চেষ্টা করেন।
পরবর্তীতে তিনি ফেসবুক লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা মিথ্যাচার করেন এবং সংশ্লিষ্ট সার্জেন্টকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির ডিজিটাল ফরেনসিক টিম তদন্ত শুরু করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাগর হালদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরকারি কাজে বাধার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




