ভোলায় ২‌টি অবৈধ ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলার দুলারহাটে অভিযান চালিয়ে

ভোলা জেলা প্রতিনিধি।

ভোলার দুলারহাটে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ জালসহ ২০ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এলাকাটি থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭টি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়।

অভিযান চলাকালীন উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটগুলোর ট্রলিং গিয়ার অপসারণ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ‘এফবি তাহমিদা’ বোটের ১০ জন এবং ‘এফবি সাইফুল ইসলাম’ বোটের ১০ জন জেলে রয়েছেন। তারা ভোলা জেলার চরফ্যাশন, দুলারহাট ও দৌলতখান ছাড়াও নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” জব্দকৃত বোট, জাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button