শীত ঋতুতে ঠাণ্ডা-কাশির সঙ্গে সঙ্গে নানা রকম রোগের সম্ভাবনা বাড়ে। কেননা, এ সময়ে অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে এই মাসগুলোতে আরেকটি রোগে ভোগার সম্ভাবনা বাড়ে, সেটা হল ‘ইরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস (ইউটিআই)’ বা মূত্রনালীর সংক্রমণ। মূত্রনালীর মাধ্যমে কোনোভাবে যদি শরীরের জীবাণুর প্রবেশ করে তাহলে নানারকম সংক্রমণ জনিত সমস্যা দেখা দেয়। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন।
চিকিৎসকদের মতে, এজন্য শুধু ঠাণ্ডা আবহাওয়া নয় বরং ভিটামিন ডি’র স্বল্পতাও দায়ী। কারণ শীতকালে গায়ে রোদ লাগে কম। ফলে দেহে এই ভিটামিনের অভাব দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের ‘নর্থওয়েল স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হসপিটাল’য়ের পুরুষ বন্ধ্যাত্ব-বিষয়ক বিভাগের পরিচালক ডা. জোনাথান ডাভিলা ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, খারাপ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োজন হয় ভিটামিন ডি। এর অভাবে নানান শারীরিক সমস্যা দেখা দেয়, এর মধ্যে মূত্রনালীর সংক্রমণও আছে।
ভিটামিন ডি ‘অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস’য়ের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। পেপটাইডস হল এক ধরনের অণু যাতে এক বা একাধিন অ্যামিনো অ্যাসিড থাকে, এগুলো মিলিত হয়ে প্রোটিন তৈরি করে।