

মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ শে সেপ্টেম্বর ২৫) বিকাল তিনটায় মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় সভাপতিত্ব করেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী আবু সাকের।
মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় সক্রিয় অংশগ্রহণ করেন।
ধানের শীষের পক্ষে একমত সকল বক্তা সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ ধানের শীষ।” তাঁরা জোর দিয়ে উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকেই বিজয়ী করতে হবে, দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁকেই একতাবদ্ধ হয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে।
বক্তারা আরও বলেন, গাজীপুর বিএনপি অতীতেও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আগামীতেও ৫৫ নং ওয়ার্ড হবে বিএনপির ঘাঁটি। এ সময় নেতারা স্থানীয় নেতা-কর্মীদের সাংগঠনিক ঐক্য ও মাঠ পর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা ওয়ার্ডবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনদুর্ভোগ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।” বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও তোলেন।
৫৫ নং ওয়ার্ড বিএনপির এই মতবিনিময় সভা আসন্ন নির্বাচনের আগে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ও উদ্দীপনা দেখা গেছে, তা ভবিষ্যতের রাজনৈতিক ময়দানে বিএনপির সক্রিয় উপস্থিতিরই ইঙ্গিত দেয়।




