

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি: সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভোট কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল হোসাইন ওলি উল্লাহর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না। ভোট কেন্দ্র দখলের চিন্তা করবেন না। আপনারা চরমোনাইর ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন; কিন্তু আপনার ভালো করে জেনে রাখেন- আমরা কিন্তু সভ্যে সভ্য; কিন্তু আমাদের যদি টালানো হয়, এমনভাবে গর্জন শুরু হবে- বঙ্গোপসাগরে নিক্ষেপ হবেন। আপনাদের খোঁজ তালাশ করে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।
সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা চরমোনাইর খবর নিয়ে দেখবেন। সেখানের হিন্দুরা মিডিয়ার সামনে বুক ফুলিয়ে গর্ব করে বলেন, চরমোনাই ইউনিয়নে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ আমরাও সেভাবে নিরাপদ।
রেজাউল করিম বলেন, আপনারা জানেন চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে এক শ্রেণি নেমেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও স্টেশন দখলের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নেমেছিল সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং তাদের উপাসনালয় হেফাজতের জন্য। এখন রুটিন পরিবর্তন করতে হবে। দিন আর রাত নেই, আমরা মা, ভাই ও বোনদের কাছে যাব এবং দাওয়াত পৌঁছাব। যদি প্রয়োজন হয় পা ধরে হলেও সমাজের পরিবর্তন, আখেরাত এবং দুনিয়ায় শান্তির জন্য হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে।




