মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক

সহ-অভিনেত্রী সামিয়া অথৈয়ের তোলা মারধর ও গালিগালাজের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথৈয়ের অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ ও ‘অপেশাদার আচরণ’ হিসেবে অভিহিত করে তিশা দাবি করেছেন, যা কিছু ঘটেছে তা কেবলই চরিত্রের প্রয়োজনে।

বিষয়টি ব্যাখ্যা করে তানজিন তিশা জানান, বর্তমানে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন যেখানে তাঁকে একজন ‘স্পেশাল চাইল্ড’ বা অটিস্টিক ব্যক্তির ভূমিকায় দেখা যাবে। তিশা বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। চরিত্রের প্রয়োজনে সেখানে মানুষকে মারা, কামড় দেওয়া বা পানিতে চুবিয়ে ধরার মতো দৃশ্য থাকতে পারে। আগামী ১৫-২০ দিন পর কাজটি মুক্তি পেলে দর্শকরাই বুঝতে পারবেন কেন এমনটা করা হয়েছে।”

সামিয়া অথৈয়ের ফেসবুক লাইভ ও অভিযোগের প্রেক্ষিতে তিশা আক্ষেপ করে বলেন, “সে বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়েছে, যা তার বুঝতে ভুল হয়েছে। আমি যা করেছি তা স্ক্রিপ্ট অনুযায়ী এবং চরিত্রের প্রয়োজনে ইম্প্রোভাইজেশন করেছি। এটি ওই মেয়েটির ব্যক্তিগত দুর্বলতা যে সে একটি পেশাদার বিষয়কে ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখছে।”

শুটিং স্পটে অভিনেতা সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো ইউনিট উপস্থিত ছিল জানিয়ে তিশা বলেন, সবাই দেখেছেন কাজটি পেশাদারিত্বের সাথেই করা হচ্ছিল। কিন্তু অথৈ দৃশ্যটি শেষ না করেই সেট ত্যাগ করেছেন, যা কাজের ক্ষতি করেছে।

তিশা আরও যোগ করেন, “এই চরিত্রে অভিনয়ের জন্য আমাকে সারাদিন গোবর, মাটি, বালু ও পানির মধ্যে থাকতে হয়েছে, এমনকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। একজন নারী শিল্পী হয়ে অন্য নারী শিল্পীর পরিষ্কার-পরিচ্ছন্নতা বা ওয়াশরুম ব্যবহার নিয়ে মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। যা বলা হয়েছে তা ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।”

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button