কুড়িগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কুড়িগ্রামের রৌমারীতে নিষিদ্ধ সংগঠনের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার দাঁতভাঙ্গা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লৎফর রহমান।

গ্রেপ্তার ওই কর্মীর নাম রেজাউল ইসলাম। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের উজান ঝগড়ার চর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিল।

রেজাউলের বাবা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না রেজাউল। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত এবং রাজনৈতিক পরিচয়ে কোনোদিনও মারামারি কিংবা অন্যায় কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ শুধু অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের বড় বড় নেতা বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার না করে নির্দোষ কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

রৌমারী থানার ওসি লৎফর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ তাদের ওপর অতর্কিত হামলা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থি ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলামকে তদন্তপ্রাপ্ত হয়ে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button