
গতকাল ফরচুন বরিশালের ম্যাচশেষে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও শোনা গেল সেই একই সুর। বিপিএলের সময়সূচির পরিবর্তন চান বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ এই তারকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন নিজের পছন্দের সময়ের কথাও।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় বিপিএলের প্রথম শিডিউল ছিল অক্টোবর-নভেম্বরের দিকে। এটা ভালো সময় ছিল। এ সময় এসএ-টোয়েন্টি ও আইএলটি-টোয়েন্টি এই দুই মেজর লিগের সাথে সাংঘর্ষিক হবে না।’
তামিম ইকবাল নিজের এমন পছন্দের পেছনে যুক্তিও দেখিয়েছেন, ‘একবার বিপিএলের সূচি পরিবর্তন হয় বাংলাদেশ দলের খেলা থাকায়। এছাড়া ঐ সময়েই হতো। কারণ তখন তেমন খেলা থাকে না। তখন শুধু হয়ত আবুধাবি টি-টেন। একটা টুর্নামেন্টের সাথে সাংঘর্ষিক হওয়া দুটার চেয়ে ভালো।’
একাদশে বিদেশি কম থাকলে বা দুই জন থাকলে ভালো হয় নাকি এমন প্রশ্নে তামিম বলেন, ‘দুই বিদেশি না, আমার মতে চার বিদেশিই ঠিক আছে। পিএসএলে আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি খেলতে যায়। অথচ পিএসএলে একসময় দল ছিল পাঁচটি।’