

আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীর পরিবর্তন ও প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সিংড়া।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেন ‘জুলাই যোদ্ধা’ এবং সিংড়ার সচেতন নাগরিক সমাজ।
দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যা দেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে তার প্রার্থীতা বাতিলের জোর দাবি জানান। অবরোধের কারণে নাটোর-বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন ও আল আমিনসহ স্থানীয় ছাত্র-জনতার প্রতিনিধিরা। বক্তারা বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী বা বিতর্কিত কোনো ব্যক্তিকে প্রার্থী করলে তা গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী হবে। এমন প্রার্থীকে জনগণ মেনে নেবে না।”
মহাসড়ক অবরোধের আগে সকালে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তারা একযোগে এনসিপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে, একই দিন দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রার্থীর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ।”
নির্বাচন সামনে রেখে সিংড়ায় এই রাজনৈতিক উত্তাপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




