নড়াইলে গুলিবিদ্ধ সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল: দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল (৪৩)।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কুন্দশী এলাকায় তাকে গুলি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও নিহতের ভাই শাহাদাত সিকদার এ তথ্য নিশ্চিত করেছে।নিহত মোস্তফা কামাল শিকদার উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম হোসেন শিকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া থেকে নিজ বাড়ি মঙ্গলহাটার দিকে যাচ্ছিলেন সিকদার মোস্তাফা কামাল।

এসময় কুন্দশী-মঙ্গলহাটা গ্রামীণ সড়কের সমীর সিকদারের বাড়ির সামনে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। তবে পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুব্রত কুমার কুন্ডু বলেন, মোস্তফা কামালের বুকে ও পিঠে জখম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই শাহাদাত শিকদার বলেন, ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ওঠার আগে শেষ বারের মতো কথা বলেন মোস্তফা কামাল। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোস্তফা কামাল শিকদার গুলিবিদ্ধ হয়েছিলেন। একটি গুলি তার বুকে লেগেছিল। তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়েছি তিনি মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button