মোঃ পাপেল মিয়া: মোঃ অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় টঙ্গীর হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী। কর্মসূচির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান লিটন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক বশির উদ্দিন। তিনি বলেন, “আমার দেশ, আমার মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবনের জন্য বৃক্ষরোপণ অপরিহার্য। ফলজ, বনজ ও ঔষধি গাছ শুধু মানুষের জীবন-জীবিকার সঙ্গেই সম্পর্কিত নয়, এগুলো পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতির সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে, বনজ গাছ অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে সজীব রাখে এবং ঔষধি গাছ প্রাকৃতিকভাবে নানাবিধ রোগ নিরাময়ে সহায়তা করে। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও যত্নশীল মনোভাব গড়ে তুলতে হবে। “একটি গাছ শুধু ছায়াই দেয় না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেয়,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, যুবদল নেতা সাইদুল ইসলাম জনি, আলমগীর হোসেন ভাসানী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা নেত্রী হালিমা আক্তার সুমি, ফেরদৌসী, যুবদল নেতা আকাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা চারা হাতে পেয়ে আনন্দিত হয় এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার শপথ নেয়।
স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে। বক্তারা সবাইকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, দলীয় ও সামাজিক উদ্যোগে এই ধরণের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
এ সময় বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, অর্থনৈতিক উন্নয়নেরও একটি বড় মাধ্যম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ দেশ গড়ে তুলতে আজ থেকেই সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।