ইডেন টেস্টের মাঝেই দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ভারত। কিন্তু অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে তারা শঙ্কায় পড়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল (শনিবার) ব্যাটিংয়ে নেমে অল্প সময়ের মাঝেই ঘাড়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্রুততম সময়ে তাকে হাসপাতালেও নেওয়া হয়। আজ (রোববার) জানা গেল প্রথম টেস্টে আর মাঠে নামা হচ্ছে না গিলের।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ‘চলমান টেস্টে থাকছেন না গিল। গতকাল দিনের খেলা শেষে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখনও তিনি সেখানে পর্যবেক্ষণে আছেন। ফলে ইডেন টেস্টে তার আর নামা হচ্ছে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হবে।’

গতকাল ব্যাটিংয়ে নামার পর মাত্র ৩ বল খেলেছেন গিল। প্রোটিয়া স্পিনার সাইমন হারমারের ডেলিভারিতে স্লগ সুইপে চার হাঁকান, কিন্তু বলটি খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা শুরু হয় ভারতীয় অধিনায়কের। সঙ্গে সঙ্গে ফিজিও আসেন মাঠে। হালকা পরীক্ষা করার পরই তিনি গিলকে মাঠের বাইরে নিয়ে যান। ওই সময় ঘাড়–ই ঘোরাতে পারছিলেন না গিল। অবশ্য মাঠে নামার আগে থেকেই নাকি ঘাড়-মেরুদণ্ডে ব্যথা ছিল তার, পরে ওষুধ নিয়ে খেলতে পারবেন বলে ধারণা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা হতাশায় পরিণত হয় এই তারকা ব্যাটারের জন্য।

দিনের খেলা শুরুর আগে ঘাড়ে বন্ধনী পরে কোচিং স্টাফ ও মেডিক্যাল সদস্যদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল গিলকে। প্রায় একই চোটে ২০২৪ সালের অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ মিস করেছিলেন। আবারও সেই চোটে পড়া গিল ও ভারতের জন্য ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন বোলিং কোচ মর্নে মরকেল। তবে এটি ধারাবাহিকভাবে অতিরিক্ত খেলা ও ওয়ার্কলোডের জন্য বড় উদ্বেগের বিষয় বলে মনে করেন না তিনি। মরকেল বলেন, ‘গিল খুবই ফিট ক্রিকেটার, সে খুব ভালোভাবেই নিজের খেয়াল রাখে।’

গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে ইডেনে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পান্ত। স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিলেও, বেশিদূর আগাতে পারেনি। প্রোটিয়াদের করা ১৫৯ পেরিয়ে ৩০ রানের লিড নিতেই ভারতীয়দের প্রথম ইনিংস গুটিয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ফের বিপর্যয়ে পড়ে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৯৭ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button