নোয়াখালীতে যুবদল কর্মীকে জবাই করে হত্যা

জেলা প্রতিনিধি. নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে দিনদুপুরে কবির হোসেন (৩৫) নামের এক যুবদল কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী বাড়ির মৃত নুর নবীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. মাসুদ হোসেন  বলেন, কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর সে এলাকার বাইরে ছিলেন। তিনি সুজায়েতপুর জামে মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে সিএনজি যোগে আসা একদল দুর্বৃত্ত তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, আজ থেকে সাত-আট বছর পূর্বে স্থানীয় কিছু সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কবিরের আপন ভাইকে হত্যা করে। ধারণা করা হয় একই ঘটনার দ্বন্দ্বের জের ধরে করিবকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন  বলেন, কবির যুবদলের সক্রিয় কর্মী ছিল। সে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল। আমরা তার হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাই। পাশাপাশি যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button