
জেলা প্রতিনিধি | ফরিদপুর: ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ চলাকালে জেলা যুবলীগের সাবেক এক নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা (৪৭)। রোববার দিবাগত রাতে বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মনিরুজ্জামান লিটন ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা নির্বাচনে এবং ২০২১ সালে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, তার স্বামীর নামে এর আগে কোনো মামলার কথা তারা জানতেন না। রোববার রাতে হঠাৎ পুলিশ তাকে নিয়ে যায় এবং পরে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারের বিষয়টি তারা জানতে পারেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান:
গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা নিয়মিত মামলা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
এই কার্যক্রম পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ।