পল্লবীতে ‘ভইরা দে’ গ্রুপের সন্ত্রাসী শান্ত গ্রেপ্তার: বিদেশি পিস্তল ও রিভলভার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় যৌথ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আশিকুর ইসলাম শান্ত (২০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শান্ত স্থানীয় পর্যায়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত ‘ভইরা দে’ নামক কিশোর গ্যাং বা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

ডিবি মিরপুর জোনাল টিম এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের যৌথ অভিযানে গত সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর ১০ নম্বর সেকশনের প্যারিস রোডে একটি পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের সিঁড়ির নিচে মাটি খুঁড়ে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শান্ত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আশিকুর ইসলাম শান্তর বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গ্রুপটির অন্যান্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button