

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় এক ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাতে দুবাইসহ দেশটির বিভিন্ন অঞ্চলে হওয়া প্রবল ঝড়-বৃষ্টির সময় এই বজ্রপাত সরাসরি ভবনটির চূড়ায় আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।
তবে বিশাল এই বজ্রপাতে ২,৭৭২ ফুট উচ্চতার এই বহুতল ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতে দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি এবং শারজাহতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে।
১৬৩ তলাবিশিষ্ট এই ভবনটি বজ্রপাতেও অক্ষত থাকার মূল কারণ এর আধুনিক প্রকৌশল বিদ্যা। বুর্জ খলিফার চূড়ায় একটি বিশেষ লাইটেনিং রড স্থাপন করা আছে, যার সংযোগ সরাসরি মাটির গভীরে। বজ্রপাত হলে বিদ্যুৎ এই রডের মাধ্যমে সরাসরি নিচে চলে যায়, ফলে মূল কাঠামোর কোনো ক্ষতি হয় না। এছাড়া ভবনটির মজবুত ইস্পাত কাঠামো একে বাড়তি সুরক্ষা দেয়।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত এই ভবনটির মালিকানা রয়েছে দুবাইয়ের রিয়েল এস্টেট কোম্পানি এমার প্রোপার্টিজ-এর কাছে এবং ভবনটির নামে ১৫০ কোটি ডলারের বিমা করা আছে। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই ভবনের ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় বিশেষ অবজারভেশন ডেস্ক রয়েছে।
সূত্র: এনডিটিভি।




