
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও নাশকতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। হামলায় বিটিআরসির প্রায় ২ কোটি ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ভবনের কাচের দেয়ালসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। হামলায় বিটিআরসি ভবনের সামনে পার্ক করা একটি এসি স্টাফ বাসও ক্ষতিগ্রস্ত হয়। কমিশনের দাবি অনুযায়ী, ভবন ও যানবাহন মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি ১ লাখ টাকা।
অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট বন্ধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এনইআইআর (NEIR) সিস্টেম চালু করা হয়েছে। মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ শুরু থেকেই এই ব্যবস্থার বিরোধিতা করে আসছিল। এজাহারে উল্লেখ করা হয়েছে, এনইআইআর চালুর খবরে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীদের একাংশ বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে আতঙ্ক সৃষ্টি করে এবং পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আরও ১০ জন পলাতক আসামির নাম প্রকাশ করেছেন। এজাহারে বলা হয়েছে, আটক ও পলাতক এই ৫৫ জনসহ অজ্ঞাত আরও কয়েকশ জন মিলে এই নাশকতা চালিয়েছেন।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, মামলার পর আসামিদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।