
নিজস্ব প্রতিবেদক | ৩ জানুয়ারি ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযানে অপরাধীদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেয় বসিলা আর্মি ক্যাম্প। তারা গোপন সূত্রে জানতে পারে, রায়েরবাজার এলাকায় একটি চক্র সক্রিয়ভাবে ছিনতাই ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
অভিযানের প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের লাউতলা এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি মো. শাকিল
সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া দুটি সামুরাইসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।