

নিজস্ব প্রতিবেদক, পাপেল, টঙ্গী | ৮ জানুয়ারি, ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টঙ্গী পশ্চিম থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আজিজ টিপু নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দীর্ঘ দিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি শেখ সুমন বলেন: “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো।”
সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু তার প্রতিক্রিয়ায় বলেন: “দল ও দেশের স্বার্থে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করাই আমাদের প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের অধীনে টঙ্গী পশ্চিম থানা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।




