
৮ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরের জাজিরায় নিজ বসতঘরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান বেপারী বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির দেলোয়ার বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বিকট বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বিস্ফোরণের প্রচণ্ডতায় একটি টিনের ঘরের দেয়াল ও চালা উড়ে গেছে। ঘর থেকে কিছু দূরে একটি রসুন ক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সোহান বেপারীর মরদেহ উদ্ধার করে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, “ভোর ৪টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ওই ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে।”
ওসি আরও জানান, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত অন্য কারো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।