
জেলা প্রতিনিধি, নাটোর | ৮ জানুয়ারি ২০২৬
নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে আবু রায়হান (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত আবু রায়হান ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী সোহানের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলা হয়েছে। ইতিপূর্বে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আবু রায়হান তাজপুর সড়ক দিয়ে যাওয়ার সময় সোহানুর রহমান সোহান, রমজান, আউয়ালসহ একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান জানান:
"আহতের দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ভেঙে গেছে। তার বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।"
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধই হামলার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।