
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১০ জানুয়ারি, ২০২৬
রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযানে কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলো—শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মাকসুদ ইসলাম মিথিল (২১), মোঃ সানি (২০), মোঃ ইব্রাহিম (৩০), মোঃ জাকির হোসেন (২৭), মোঃ ইয়ামিন (২১), মোঃ পারভেজ (১৯), মোঃ সালাম চৌধুরী (৩৫), মোঃ নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মোঃ সাকিল (২৫)। এছাড়াও তালিকায় রয়েছে মোঃ সজীব (১৭), মোঃ জুনায়েদ (১৪) ও মোঃ নুশিন (১৬) নামে তিন কিশোর।
অভিযান চলাকালীন গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:
২টি লোহার তৈরি ধারালো দা, ২টি হাতুড়ি ও ২িটি চাকু। ৩টি মোবাইল ফোন ও ২টি পিভিসি ব্যানার। ৫ পুরিয়া গাঁজা, ১ পিস ইয়াবা ও ১ পুরিয়া হেরোইন।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামিও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।