কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | ১০ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে লিফট আটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বরসহ ১০ জন যাত্রী আটকা পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার হোটেল শেরাটন’ (খান টাওয়ার)-এ এই ঘটনা ঘটে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রাম থেকে আসা বরপক্ষ ওই হোটেলে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে চারতলা থেকে দোতলায় নামার সময় ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ লিফটে ওঠায় যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয় এবং লিফটটি মাঝপথে আটকে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। লিফটের দরজা খোলা সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত কুশলতার সাথে দেওয়াল ভেঙে ভেতরে থাকা ১০ জনকে নিরাপদে বের করে আনেন।

উদ্ধারকৃতরা হলেন: বর জোনায়েদ তারেক (৩৫), আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)।

হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। লিফটির ধারণক্ষমতা ছিল ৬ জন, কিন্তু সেখানে ১০ জন ওঠায় অতিরিক্ত ওজনের কারণে সেটি সেন্সরের মাধ্যমে নিচে নেমে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। লিফটটি অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং ভেতরে থাকা ব্যক্তিরা সুস্থ ছিলেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আমিনুর রহমান নিশ্চিত করেছেন যে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ছাড়াই অভিযান সফল হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button