
নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২৬
রাজধানীর উত্তরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলো: ১. মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫) ২. মোঃ দুলাল হাওলাদার (৩০)
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৬ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসার নিচ তলায় বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে।
তৎক্ষণাৎ ওই স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ার উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শফিউল্লাহ ও দুলালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত বিদেশি মদের বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়।