
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি বর্তমানে একটি নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা সাধারণ মানুষের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম।
গতকাল শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে পিটিয়ে হত্যার ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে আজ দুপুরে উত্তরায় আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র-জনতা।
আরিফুল ইসলাম দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন দেশের সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে। দলটির ওপর শীর্ষ নেতৃত্বের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। সমাবেশে অভিযোগ করা হয়, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ইতোমধ্যে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। এখন তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ‘হত্যোৎসবে’ মেতে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে আরিফুল ইসলাম আরও বলেন, “শেরপুরে জামায়াত নেতাকে পিটিয়ে হত্যা প্রমাণ করে যে এই দলটির মাঠ পর্যায়ের কর্মীদের ওপর কোনো লাগাম নেই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কামরুল হাসান: সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ছাত্রশিবির ও নায়েবে আমীর, তুরাগ মধ্য থানা। নুর মুহাম্মদ: আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তুরাগ থানা। সরদার রিয়াদ: মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উত্তরখান থানার আহ্বায়ক নাবিল ব্যাপারী ও আহমদ সামরানসহ উত্তরা এলাকার ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে শেরপুরে জামায়াত নেতা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের দাবি জানান। মিছিলটি উত্তরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।




