
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক ব্রিফিংয়ে রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন এই তথ্য জানান।
রাজশাহী সেক্টরের আওতাধীন ৭টি জেলার ৩৭টি সংসদীয় আসনে মোট ১৪৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
সীমান্তে ৭৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ সর্বমোট ৪ হাজারের অধিক সদস্য মোতায়েন করা হচ্ছে।
প্রতিটি ইউনিটে ড্রোনের মাধ্যমে আকাশপথে গোয়েন্দা নজরদারি চালানো হবে। সীমান্তে ডিজিটাল মনিটরিং, বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন এবং থার্মাল ইমেজিং ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক এপিসি (APC) সহ কুইক রিঅ্যাকশন ফোর্স মোতায়েন থাকবে। পদ্মা ও মহানন্দা নদীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য স্পিডবোটের মাধ্যমে সার্বক্ষণিক রিভারাইন পেট্রোলে নিয়োজিত থাকবেন।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় কে-৯ (ডগ স্কোয়াড) ইউনিটের ৭টি কুকুরসহ এক প্লাটুন সদস্য মোতায়েন থাকবে।
ভারতে অবস্থানকারী কোনো রাজনৈতিক কর্মীরা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার জানান, এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক ও আলোচনা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিএসএফ সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
কর্নেল সৈয়দ কামাল হোসেন আশাবাদ ব্যক্ত করেন যে, বিজিবির এই কঠোর নজরদারির ফলে ভোটাররা একটি নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।