নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, নোয়াখালী।

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বকশিরহাট এলাকার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের একটি ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার জানিয়েছেন, আগুনে শ্রেণিকক্ষের ১৪ জোড়া বেঞ্চ, ৩টি ফ্যান এবং শিক্ষকদের চেয়ার-টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে এবং পাশের কক্ষগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে।

বিদ্যালয়টি নিজে ভোটকেন্দ্র না হলেও, একই সীমানার ভেতরে থাকা বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয়টি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই অগ্নিকাণ্ডকে রহস্যজনক মনে করছেন স্থানীয় অভিভাবকরা।

সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইলিয়াছ জানান, বিকেল ৫টা ২৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

সেনবাগ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা থাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button