

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর,,
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি অন্যায় বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “আল্লাহর মার দুনিয়ার বার। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না।” তবে তিনি স্পষ্টভাবে জানান যে, গুরুদাসপুরের মবিদুল এবং বড়াইগ্রামের সানাউল্লাহ নুর ও বাছেদ হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
সাবেক মন্ত্রী হিসেবে নিজের শাসনামলে গুরুদাসপুর ও বড়াইগ্রামের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই অঞ্চলে বিএনপির হাত ধরেই ব্যাপক উন্নয়ন হয়েছে।
নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ-কে একজন যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান দুলু।
নির্বাচনী এই জনসভায় নাটোর-৪ আসনের প্রার্থী আব্দুল আজিজ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।




