

আব্দুল আলীম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ওই এলাকার মোন্তার বসতবাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোন্তার ছেলে রান্টুর স্ত্রী আতিয়া (২৩) এবং তার এক বছর বয়সী শিশুকন্যা রওজা। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকেই মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি পরিবারের হেফাজতে রয়েছে। গুরুদাসপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভয়াবহ এই আগুনে মোন্তার স্ত্রী মর্জিনা (মনেকা) গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে মোন্তার দুটি এবং তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্র, পার্শ্ববর্তী একটি মুদি দোকান এবং ১২টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে পুলিশি তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে; স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।




