
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
সিইসি’র এই ভাষণটি গত মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে এটি একযোগে সম্প্রচার করা হবে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। বর্তমান কমিশন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।