মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাস উপলক্ষে দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী মোঃ তাজুল ইসলাম জিরো।
এক বার্তায় তিনি বলেন, রমজান মাস মহান আল্লাহর নৈকট্য ও আনুগত্য লাভের মাস। দীর্ঘ ১১ মাস পর পরওয়ারদেগার তাঁর বান্দাদের জন্য এই বরকতময় মাসটি দান করেছেন।
১৮ই ফেব্রুয়ারি (বুধবার) রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই আধ্যাত্মিক যাত্রা। ১৯শে ফেব্রুয়ারি প্রথম সেহরি ও ইফতারের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করবেন প্রথম রোজা।
তাজুল ইসলাম জিরো আরও উল্লেখ করেন, "রমজানের রোজা রাখা প্রতিটি মুসলিম নর-নারীর ওপর ফরজ। মহান আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে, রোজার পুরস্কার তিনি নিজ হাতে প্রদান করবেন। এই মাসেই নাযিল হয়েছে পবিত্র আল-কুরআন। বিশেষ করে ২৭শে রমজানের লাইলাতুল কদর আমাদের জন্য এক পরম প্রাপ্তি।"
যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে রমজান পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই মাসে দান-সদকা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম সওয়াবের কাজ। সচেতন নাগরিক সমাজও প্রত্যাশা করে, পবিত্র এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।