বরিশালে আগুনে পুড়ল দিনমজুরের দুটি গাভীসহ ২১টি ছাগল

নিজস্ব প্রতিবেদক,  বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের শেষ সম্বলটুকুও ছাই হয়ে গেছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা গেছে ২১টি ছাগল ও ২টি গাভী। সেই সঙ্গে ভস্মীভূত হয়েছে মুজাম্মেল হকের একমাত্র বসতঘরটিও।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘর ও বসতঘর গ্রাস করে নেয়। মুজাম্মেল হক ও তার পরিবার কোনোমতে প্রাণ বাঁচাতে পারলেও গবাদিপশুগুলোকে বাঁচাতে ব্যর্থ হন। এতে গবাদিপশু ও ঘরের মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবারটি।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও পথের দূরত্ব ও ভাঙা রাস্তার কারণে সময়মতো পৌঁছাতে পারেননি। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন:

“খবর পেয়ে আমরা দ্রুত রওনা দিয়েছিলাম, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় গাড়ি নিয়ে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গবাদিপশুগুলোর অবস্থা দেখে সত্যিই খারাপ লেগেছে।”

সব হারিয়ে বাকরুদ্ধ মুজাম্মেল হক মল্লিক বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে এই গরু-ছাগলগুলো লালন-পালন করতাম। এটাই ছিল আমাদের উপার্জনের একমাত্র পথ। এখন আমি পরিবার নিয়ে কোথায় যাব, কী খাব?”

বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button