মাগুরায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

জেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ চালের তালিকা প্রণয়ন নিয়ে ইউপি সদস্যের ওপর হামলার খবর ফেসবুকে পোস্ট করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বুধবার (৪ মার্চ) শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হামলার শিকার সাংবাদিকের নাম বিকাশ বাছাড়। তিনি মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি।

জানা গেছে, গত সোমবার রাতে শ্রীপুর উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এর আগে দরিয়াপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে এক ইউপি সদস্যকে মারধরের খবর ফেসবুকে পোস্ট করেন বিকাশ। এই জেরে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রদীপ তাকে ও তার সহকর্মীকে ডেকে পাঠান। তারা গোয়ালদা বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমান বাবু, আকিদুল ইসলাম ও শ্যামল বিশ্বাস তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। এর মধ্যে অর্ধেক কার্ড স্থানীয় নেতাদের দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে সোমবার সকালে ইউপি সদস্যের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনার সংবাদ প্রকাশ ও ফেসবুকে পোস্ট করাতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিক বিকাশের ওপর হামলা চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অভিযুক্ত মতিউর রহমান বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকায় বর্তমানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button