ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা বনাম নিউক্যাসল ইউনাইটেডের হাইভোল্টেজ ম্যাচ। প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখবেন বলে স্পেন থেকে ইংল্যান্ডে উড়ে এসেছিলেন এক বার্সা সমর্থক। কিন্তু স্টেডিয়ামের নামের মিল থাকায় ঘটল বিপত্তি; প্রিয় দলের খেলা দেখা তো দূরে থাক, তিনি পৌঁছে গেলেন ৩৬০ মাইল দূরের অন্য এক স্টেডিয়ামে!

গত মঙ্গলবার নিউক্যাসলের মাঠ ‘সেন্ট জেমস পার্ক’-এ বার্সেলোনার মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। কিন্তু ওই সমর্থক ভুলবশত লন্ডনের দক্ষিণ-পশ্চিম এলাকার এক্সেটার শহরের ‘সেন্ট জেমস পার্ক’ স্টেডিয়ামে চলে যান। মূলত স্মার্টফোনের ম্যাপে ‘সেন্ট জেমস পার্ক’ লিখে সার্চ দেওয়ায় তাকে ভুল ঠিকানায় নিয়ে যায় প্রযুক্তি।

নিউক্যাসলের স্টেডিয়াম থেকে এক্সেটারের এই মাঠের দূরত্ব প্রায় ৩৬০ মাইল। যখন তিনি বুঝতে পারলেন ভুল জায়গায় এসেছেন, তখন ম্যাচ শুরুর আর মাত্র কয়েক মুহূর্ত বাকি।

এক্সেটার সিটির সাপোর্টার এক্সপেরিয়েন্স অফিসার অ্যাডাম স্পেন্সার জানান, ওই ব্যক্তি যখন স্টেডিয়ামের কর্মীদের নিজের টিকিট দেখান, তখনই ভুলটি ধরা পড়ে। তার টিকিটে লেখা ছিল বার্সা বনাম নিউক্যাসলের ম্যাচ, অথচ তিনি দাঁড়িয়ে আছেন ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল এক্সেটার সিটি বনাম লিঙ্কন সিটির ম্যাচের গেটে।

ভুল জায়গায় চলে আসায় ওই সমর্থক বেশ বিব্রতবোধ করলেও এক্সেটার সিটি কর্তৃপক্ষ তাকে নিরাশ করেনি। তারা তাকে সান্ত্বনা দিয়ে সেই ম্যাচেরই একটি টিকিট উপহার দেয়, যাতে তিনি অন্তত মাঠের ফুটবল আমেজ উপভোগ করতে পারেন। ক্লাবটি সামাজিক মাধ্যমে জানায়, যেকোনো সময় তারা এই সমর্থককে আবারও স্বাগত জানাতে প্রস্তুত।

উল্লেখ্য, ওই বার্সা সমর্থক যে ম্যাচটি মিস করেছেন, সেটি ১-১ গোলে ড্র হয়েছে। যোগ করা সময়ের শেষ মুহূর্তে লামিনে ইয়ামালের পেনাল্টি গোলে হার এড়িয়েছে বার্সেলোনা। আগামী বুধবার বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button