
জেলা প্রতিনিধি নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে সৈয়দপুর শহরের রাবেয়া বাজার মন্দির-সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক সোনাপুকুর এলাকার আবুল হোসেনের ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক ওই ওষুধ কোম্পানির হয়ে বিভিন্ন দোকানে টাকা কালেকশন শেষে রাতে ব্যাগে টাকা নিয়ে রাবেয়া বাজার থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। ব্রিজের ওপর জনশূন্য এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এক যুবককে কুপিয়ে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে।”