
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কাজও সীমিত পরিসরে চলমান থাকবে।