ভারতে বাস-লরির সংঘর্ষে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির।

প্রথমে পুলিশ জানায়, এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন এবং কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন।

মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগার্জু এক টিভি চ্যানেলকে বলেন, ‘প্রায় ৮ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এখন পর্যন্ত প্রায় ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাটি সকাল ৬টার দিকে ঘটে। ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটির সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হলে বাসে আগুন ধরে যায় এবং কয়েকজন যাত্রী জীবন্ত পুড়ে মারা যান বলে কর্মকর্তারা জানান।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, এই দুর্ঘটনায় যাত্রীদের জীবন্ত পুড়ে মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক।

মুখ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের চিকিৎসার বিষয়েও খোঁজ নিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button