নিজস্ব প্রতিবেদক: উত্তরা-র আব্দুল্লাহপুরের ফায়দাবাদ এলাকায় ওহাব আলী মার্কেট সংলগ্ন ‘তেহারি ঘর লিমিটেড’-এর ক্যাটারিং সার্ভিসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করছেন সচেতন মহল।
গত ১১/০৩/২০২৬ তারিখে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা বিভাগে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা বিভাগ হইতে পক্ষ থেকে সংবাদদাতা হাসান ও সুমনকে ঘটনাস্থলে পাঠানো হয়।
সংবাদদাতারা ক্যাটারিং সার্ভিসের ম্যানেজারের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করে পরিবেশ ও খাবার প্রস্তুতের বাস্তব চিত্র ধারণ করতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি সংবাদদাতা সুমনের হাতে থাকা ভিডিও ধারণকৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সংবাদদাতা সুমনের বাম হাতের বৃদ্ধাঙ্গুল গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সুমন দক্ষিণখান থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর: ৯৯৯ তারিখ: ১৫/০৩/২০২৬।
এদিকে, ‘তেহারি ঘর লিমিটেড’-এর মালিক পরিচয়ে জীবন মাহমুদ তপু নামে এক ব্যক্তি সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা বিভাগে ফোন করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেকে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার (ডিআইজি নাহিদুল ইসলাম) এর আত্মীয় দাবি করে বলেন, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে ভালো ফল হবে না।
তিনি আরও দাবি করেন, রাজধানীতে তার প্রতিষ্ঠানের একাধিক আউটলেট রয়েছে এবং প্রভাবশালী মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
এদিকে অনুসন্ধানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত মাংসের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাংস ব্যবহার করা হচ্ছে, যা বৈধতা ও মান নিয়ে সন্দেহ তৈরি করেছে।
সচেতন মহলের প্রশ্ন—কিছু অসাধু ব্যবসায়ী কি সত্যিই প্রভাবশালী কর্মকর্তাদের নাম ব্যবহার করে অনিয়ম ঢাকার চেষ্টা করছে, নাকি এর পেছনে অন্য কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে?
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।