
জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলে পেট্রোল পাম্প থেকে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় ‘মের্সাস তানভীর ফিলিং স্টেশন’-এর পাশে এই ঘটনা ঘটে। নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাহিদ সর্দার (৩০) তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম একই গ্রামের জহুরুল মোল্যার ছেলে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন জানান, ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসেন। কিন্তু পাম্পে ডিজেল না থাকায় তাকে তেল দেওয়া যায়নি। এই নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সুজাত রেগে গিয়ে হুমকি দেন, “তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না, তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব।”
পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, নাহিদ ভাই পাম্পের কাজ শেষে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাত ট্রাক ঘুরিয়ে তাঁর পেছনে রওনা দেন। এতে সন্দেহ হলে আমরা (জসিম ও সোহান) মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই। গিয়ে দেখি, সুজাত নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চলে যাচ্ছে।
নাহিদ সর্দার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত জিহাদুলকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেলে রেফার করেন।
নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, ট্রাক ড্রাইভার সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ঘাতক ট্রাক ও চালক সুজাতকে আটকের চেষ্টা চলছে।