

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তামাক ব্যবসায়ী শফিকুল ইসলাম আজম সন্ধ্যায় সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে কথা বলার জন্য বাইরে ডেকে নেয়। তিনি বাইরে বের হওয়া মাত্রই তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, আহতের ডান চোখ, বাম চোয়াল ও পেটের উপরিভাগে গুলি লেগেছে। পেটের গুলিটি ভেতরের রক্তনালী ক্ষতিগ্রস্ত করায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অপরাধীদের শনাক্ত ও কারণ উদঘাটনে কাজ চলছে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।




