

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় ইঞ্জিনের মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাবে। আশা করা যাচ্ছে দ্রুতই চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি।”




