

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৩ দিনের এক অসুস্থ নবজাতককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে কোস্টগার্ড।
সোমবার (৩০ মার্চ) বিকেলে মেঘনার ষাটনল সংলগ্ন এলাকায় এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভোলার ইলিশা থেকে ‘এমভি সম্পদ’ লঞ্চযোগে এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। নিরুপায় হয়ে শিশুর বাবা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান।
খবর পাওয়া মাত্রই কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ স্পিডবোটে করে মাঝনদীতে চলন্ত লঞ্চটিতে পৌঁছায়। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ও জরুরি অক্সিজেন সেবা দিয়ে দ্রুত স্পিডবোটে করে পাড়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে কোস্টগার্ডের তত্ত্বাবধানে একটি সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিশুটিকে শ্যামলীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় এই ধরনের মানবিক কার্যক্রম আমাদের নিয়মিত দায়িত্বের অংশ।”




