

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
সোমবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মূলত টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের বর্তমান অগ্রাধিকার।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতাকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, “আমরা এই সম্পর্ককে আরও বিস্তৃত করতে আগ্রহী। আশা করি আলোচনার মাধ্যমে দ্রুত চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি হবে।”
বৈঠকে উভয় পক্ষই চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্সের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি (AFD)-এর কান্ট্রি ডাইরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।




