মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় মাহান এয়ার-এর একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তেহরানের দাবি, বিমানটি ভারত থেকে ১১ টন মানবিক সাহায্য (ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য) সংগ্রহের উদ্দেশ্যে নয়া দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীকে দায়ী করেছে। এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, একটি পরিকল্পিত মানবিক মিশনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নীতিমালার চরম লঙ্ঘন।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে যে ইরান তাদের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে ব্যবহার করে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তবে পশ্চিমা সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্রে বিধ্বস্ত বিমানটিকে সাধারণ পণ্যবাহী বিমান হিসেবেই দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলায় ১৬-১৭টি বাণিজ্যিক বিমান ধ্বংস হয়েছিল। চলমান এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ মার্চ ভারত ইরানকে প্রথম মানবিক সহায়তা পাঠিয়েছিল, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button