
জেলা প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় ঐতিহ্যবাহী সোলেমান ল্যাংটার মেলা শুরুর দুই দিন পরই বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
জেলা প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই গত মঙ্গলবার (৩১ মার্চ) থেকে ১০৭তম ল্যাংটার ওরশ ও মেলা শুরু হয়।
অভিযোগ রয়েছে, মেলা প্রাঙ্গণে অন্তত দুই সহস্রাধিক গাঁজার দোকান এবং অর্ধশতাধিক অশ্লীল নৃত্যের আসর বসানো হয়েছিল। তিন কিলোমিটার এলাকা জুড়ে মদ-গাঁজা সেবন ও বিক্রির জমজমাট কারবার চলায় স্থানীয় পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
মেলার প্রথম দিনেই মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মূলত জুয়া ও মাদকের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, জেলা প্রশাসন থেকে মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। জননিরাপত্তা ও সামাজিক পরিবেশ রক্ষায় বৃহস্পতিবার থেকে মেলা পুরোপুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং বুধবার সন্ধ্যায় এ বিষয়ে মাইকিং করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল নিশ্চিত করেছেন যে, মেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।