অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২ টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বিচারের কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এই অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ সাতজন অপহৃত হন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ, পরের দিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

ঘটনার একদিন পর কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা (পরে বহিষ্কৃত) নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম হত্যার ঘটনায় ১১ মে একই থানায় আরেকটি মামলা হয়। এই মামলার বাদী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button