

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ অঞ্চলে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
মমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই নতুন রোগীরা ভর্তি হয়।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৩ জন শিশু। মোট মৃত্যু ৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৪ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শিশু বিভাগে হামের লক্ষণযুক্ত রোগী আসা শুরু হয়। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে সংক্রমণের গতি তীব্র হতে থাকে। এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় ৭০ জন শিশুর শরীরে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছে।
আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে বর্তমানে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড সচল রয়েছে। সেখানে তিনটি বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ভর্তি হলেও এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।




