

জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড় ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড় ৪টা পর্যন্ত।
শেরপুর-৩ আসন:
তফসিল ঘোষণার পর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এই আসনের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে এখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান।
এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জন। ১২৮টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।
বগুড়া-৬ আসন:
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপ-নির্বাচন হচ্ছে। এ আসনে লড়াই করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান এবং বিডিপি মনোনীত আল-আমিন তালুকদার। ৪ লক্ষ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের এই আসনে নিরাপত্তা জোরদারে ২৫০ জন সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় রয়েছে।




